গোপল সিং, খোয়াই, ১২ জুন || রাজনৈতিক হিংসার শিকার পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন ত্রিপুরার বিদ্যুৎ ও সংসদীয় বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন, রাজনৈতিক হিংসার ঘটনা যে সময়েই ঘটে থাকুক না কেন বা তখন যে দলই ক্ষমতায় থাকুক না কেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরির মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগ অব্যাহত থাকবে।
শুক্রবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান, ১৯৯৩ থেকে ২০১৭ সালের মধ্যে ত্রিপুরায় মোট ১৫ হাজার ৫৮৬টি হত্যাকাণ্ডের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ঘটনা রাজনৈতিক হিংসার সঙ্গে সম্পর্কিত। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা প্রদানের উদ্দেশ্যে ২০২০ সালের ২৩ ডিসেম্বর বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার ‘রাজনৈতিক হিংসায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের কর্মসংস্থান প্রদান প্রকল্প’ চালু করে।
রতন লাল নাথ বলেন, মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে পরবর্তীকালে প্রকল্পটিতে গুরুত্বপূর্ণ সংশোধন আনা হয়েছে। আগে সুবিধা পাওয়ার ক্ষেত্রে ৯ মার্চ ২০১৮ পর্যন্ত সংঘটিত ঘটনাগুলিকে বিবেচনা করা হলেও সেই কাট-অফ তারিখ তুলে দেওয়া হয়েছে। ফলে রাজনৈতিক হিংসার ঘটনা যে সময়েই সংঘটিত হয়ে থাকুক না কেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলি এখন এই প্রকল্পের আওতায় আসতে পারবে।
যাচাই-বাছাই কমিটির চেয়ারম্যান হিসেবে মন্ত্রী জানান, এ পর্যন্ত মোট ৩৮টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১৮ জনকে ইতিমধ্যেই সরকারি চাকরি দেওয়া হয়েছে এবং আরও ১১টি ক্ষেত্রে চাকরির সুপারিশ করা হয়েছে। পাঁচটি আবেদন খারিজ করা হয়েছে, অন্যদিকে চারটি আবেদন এখনও তদন্ত ও যাচাইয়ের পর্যায়ে রয়েছে।
তিনি আরও জানান, প্রতিটি আবেদন অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই করা হয়। পুলিশ রিপোর্ট, দেওয়ানি প্রশাসনের তদন্ত এবং আইন, স্বরাষ্ট্র ও তথ্য-সংস্কৃতি দপ্তরের শীর্ষ আধিকারিকদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে আবেদনগুলির সত্যতা পরীক্ষা করা হয়।
সাংবাদিক সম্মেলনে রতন লাল নাথ অভিযোগ করেন, পূর্ববর্তী বামফ্রন্ট সরকারের আমলে সংঘটিত বহু ঘটনার যথাযথ নথিপত্র সংরক্ষণ করা হয়নি। তবে প্রকল্পের সুবিধা প্রদানের ক্ষেত্রে আবেদনকারীর রাজনৈতিক পরিচয় বা দলীয় আনুগত্য কোনোভাবেই বিবেচনা করা হয় না বলে তিনি দাবি করেন।
একই সঙ্গে কংগ্রেস-সিপিআই(এম) জোটের সমালোচনা করে মন্ত্রী রাজনৈতিক হত্যাকাণ্ডের বিষয়ে সিপিআই(এম)-এর ভূমিকা ও অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, রাজনৈতিক হিংসার দীর্ঘ ইতিহাস সম্পর্কে দলটির স্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।
