শান্তিরবাজারে পুলিশের ধাওয়ায় দুর্ঘটনার কবলে গরুবোঝাই পিকআপ, উদ্ধার ১০টি গরু

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৬ জুন || দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে অবৈধভাবে গরু পরিবহনের অভিযোগে পুলিশের ধাওয়ার মুখে একটি গরুবোঝাই পিকআপ দুর্ঘটনার কবলে পড়ে। শুক্রবার শান্তিরবাজার থানার সামনে দিয়ে যাওয়ার সময় সন্দেহজনক TR-08-1607 নম্বরের একটি গাড়িকে থামানোর চেষ্টা করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে শান্তিরবাজার বিএসএনএল টেলিফোন অফিস সংলগ্ন এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।
ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করে এবং গাড়িতে থাকা মোট ১০টি ছোট-বড় গরু উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িতে থাকা লাউগাং এলাকার বাসিন্দা রঞ্জিত দেবনাথ নামে এক শ্রমিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, উদ্ধার হওয়া গরুগুলি লাউগাং এলাকার অমল দত্ত ও বিশু দত্ত নামে দুই ব্যক্তির। তিনি আরও অভিযোগ করেন, ওই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে গরু পাচারের সঙ্গে জড়িত।
এলাকায় দীর্ঘদিন ধরেই গরু চুরির একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয়দের একাংশের ধারণা, উদ্ধার হওয়া গরুগুলিও চুরি করা হতে পারে। তবে এই অভিযোগের সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
শান্তিরবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু দত্তের নেতৃত্বে এবং এসআই সমীর বিশ্বাসের তৎপরতায় গাড়িটি আটক করা সম্ভব হয়। পুলিশ জানিয়েছে, ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং অবৈধ গরু পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা পুলিশের এই অভিযানের প্রশংসা করে অবৈধ গরু পাচার ও গরু চুরি রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*