রাজনীতির ঊর্ধ্বে সৌজন্য ও সম্প্রীতির বার্তা: বিপ্লব দেবের রিসেপশনে এক মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বরা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন || রাজনীতি মতাদর্শের বিষয়, শত্রুতার নয়—এই বার্তাই যেন আরও একবার স্পষ্ট হয়ে উঠল রাজধানীর পোলো টাওয়ারে অনুষ্ঠিত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব এবং তাঁর সহধর্মিণী ত্রীবেনী রাও-এর রিসেপশন অনুষ্ঠানে।
গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্ন মত, ভিন্ন দল ও ভিন্ন আদর্শ থাকাটা স্বাভাবিক। তবে মতাদর্শের পার্থক্য কখনও মানবিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সম্প্রীতির পথে বাধা হয়ে দাঁড়ানো উচিত নয়। রাজনীতি মানুষের কল্যাণের জন্য, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক নষ্ট করার জন্য নয়—এই মূল্যবোধেরই এক বাস্তব প্রতিফলন দেখা গেল অনুষ্ঠানে।
রিসেপশন অনুষ্ঠানে সৌজন্য বজায় রেখে নিমন্ত্রণ রক্ষা করতে উপস্থিত ছিলেন বিরোধী রাজনৈতিক দল সিপিআই(এম), কংগ্রেস-সহ বিভিন্ন দলের একাধিক শীর্ষ ও হাই-প্রোফাইল নেতা। রাজনৈতিক মতভেদ থাকলেও সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে তাঁদের এই উপস্থিতি সৌহার্দ্য, সহনশীলতা এবং গণতান্ত্রিক সংস্কৃতির এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উপস্থিত অতিথিদের নজর কেড়েছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, সুস্থ গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো মতের অমিলের মধ্যেও পারস্পরিক সম্মান ও সৌজন্য বজায় রাখা। পোলো টাওয়ারের এই অনুষ্ঠান সেই বার্তাকেই আরও একবার সামনে এনে দিল। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধই যে সর্বাগ্রে থাকা উচিত, এদিনের এই সৌজন্যমূলক উপস্থিতি যেন সেই শিক্ষাই নতুন করে স্মরণ করিয়ে দিল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*