আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন || ত্রিপুরার বিখ্যাত ‘কুইন’ আনারসকে দেশ-বিদেশে আরও জনপ্রিয় করে তুলতে অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। আগরতলা থেকে নয়াদিল্লিগামী একটি ইন্ডিগো বিমানের পাইলট, কো-পাইলট ও কেবিন ক্রুদের হাতে শুভেচ্ছা উপহার হিসেবে তুলে দেওয়া হয় ত্রিপুরার সুস্বাদু ‘কুইন’ আনারস। আসন্ন Tripura Global Pineapple Festival 2026-কে সামনে রেখেই এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ সামাজিক মাধ্যমে এই উদ্যোগের কথা জানিয়ে বলেন, এটি শুধুমাত্র একটি ফল উপহার দেওয়ার কর্মসূচি নয়; বরং ত্রিপুরার কৃষকদের কঠোর পরিশ্রম, রাজ্যের উর্বর মাটি এবং কৃষি ঐতিহ্যের প্রতি সম্মান জানানোর এক প্রতীকী প্রয়াস।
২৭ থেকে ২৯ জুন আগরতলার মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে Tripura Global Pineapple Festival 2026। উৎসবের আগে দেশের বিভিন্ন প্রান্তে ত্রিপুরার অন্যতম সেরা কৃষিজ পণ্য ‘কুইন’ আনারসের পরিচিতি বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মন্ত্রী আরও জানান, স্বাদ, গুণগত মান ও বিশেষ বৈশিষ্ট্যের জন্য ত্রিপুরার ‘কুইন’ আনারস ইতোমধ্যেই আলাদা পরিচিতি অর্জন করেছে। এই ধরনের উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক বাজারেও এর ব্র্যান্ড মূল্য আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদী।
সংশ্লিষ্ট মহলের মতে, ত্রিপুরার কৃষিজ পণ্যের প্রচার, কৃষকদের উৎসাহিত করা এবং রাজ্যের কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
