গোপল সিং, খোয়াই, ২৭ জুন || খোয়াই জেলার বাইজালবাড়ি থানার অন্তর্গত রতনপুর কাঁচামাটি স্কুল সংলগ্ন টংবাড়ি এলাকায় গাঁজা বিরোধী অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয় গ্রামবাসীদের একাংশের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হলো। রাতের আঁধারেও চলছে পুলিশের উপর সংঘবদ্ধ আক্রমন। শেষ খবর লিখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।
অবৈধ গাঁজা ক্ষেত ধ্বংস করতে গিয়ে পুলিশের সাথে স্থানীয়দের বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তির জেরে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, শেষ পর্যন্ত অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। বাইজালবাড়ি থানা সূত্রে জানা গেছে, রতনপুর কাঁচামাটি স্কুল সংলগ্ন টংবাড়ি এলাকায় বিস্তীর্ণ জমিতে আইন লঙ্ঘন করে বড়সড় গাঁজা চাষের গোপন খবর আসে পুলিশের কাছে। সেই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ বাইজালবাড়ি থানার পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযানে যায়। পুলিশ বাহিনী গাঁজা গাছগুলি কেটে তা ধ্বংস করার প্রক্রিয়া শুরু করতেই স্থানীয় কিছু বাসিন্দা ও গাঁজা চাষের সাথে যুক্তরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং কাজে বাধা দেওয়ার চেষ্টা করে। অভিযানের এক পর্যায়ে পুলিশ কর্মীদের সাথে স্থানীয়দের তীব্র বাগ্বিতণ্ডা শুরু হয়ে যায়। পরিস্থিতি ক্রমশ হাতাহাতির রূপ নিলে এবং বেগতিক বুঝে বাইজালবাড়ি থানার তরফ থেকে খোয়াই জেলা সদরে জরুরি বার্তা পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে সাথে সাথেই খোয়াই থেকে বিশাল অতিরিক্ত পুলিশ ও আধা-সামরিক বাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।অতিরিক্ত বাহিনী গিয়ে রণক্ষেত্রের রূপ নেওয়া টংবাড়ি এলাকাটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। পুলিশের কড়া অবস্থানের সামনে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় উত্তেজিত জনতা। দীর্ঘ প্রচেষ্টার পর বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনায় জড়িত মূল অভিযুক্তদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
