আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন || ক্যানসার সচেতনতা বৃদ্ধি এবং ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে আগামী ১০ থেকে ১২ জুলাই, ২০২৬ (সম্ভাব্য) আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হতে চলেছে ‘Walking Lens – 3rd Edition’ শীর্ষক বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী। এই প্রদর্শনীর আয়োজন করেছে মধুরূপা মেমোরিয়াল ক্যানসার ওয়েলফেয়ার সোসাইটি (MMCWS)।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘Walking Lens’ শুধুমাত্র একটি ফটোগ্রাফি প্রদর্শনী নয়, বরং এটি সৃজনশীলতা ও মানবিকতার এক অনন্য উদ্যোগ। এর মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তের আলোকচিত্রী, শিল্পী, শিক্ষার্থী ও ফটোগ্রাফিপ্রেমীদের একত্রিত করার পাশাপাশি ক্যানসার সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলা এবং ক্যানসার রোগীদের সহায়তার জন্য জনসমর্থন বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
প্রদর্শনীতে প্রকৃতি, বন্যপ্রাণী, সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, স্ট্রিট ফটোগ্রাফি, মানুষ, ল্যান্ডস্কেপ এবং দৈনন্দিন জীবনের নানা বিষয়ভিত্তিক আলোকচিত্র স্থান পাবে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, ইন্টারঅ্যাকটিভ সেশন এবং আলোকচিত্রীদের সঙ্গে মতবিনিময়েরও সুযোগ থাকবে দর্শকদের জন্য।
আয়োজকরা ত্রিপুরার প্রতিটি জেলার পেশাদার ও অপেশাদার আলোকচিত্রী, শিক্ষার্থী এবং ফটোগ্রাফি অনুরাগীদের এই প্রদর্শনীতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ ক্যানসার সচেতনতা কর্মসূচি, প্রাথমিক শনাক্তকরণ উদ্যোগ, রোগীদের সহায়তা, রক্তদান শিবির এবং আর্থিকভাবে অসচ্ছল ক্যানসার রোগীদের চিকিৎসা সহায়তায় ব্যয় করা হবে।
আগ্রহী আলোকচিত্রীরা অনলাইনের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, ফটোগ্রাফি ক্লাব, শিল্পী, সংবাদমাধ্যম, কর্পোরেট সংস্থা এবং সাধারণ মানুষের কাছেও এই মানবিক উদ্যোগে অংশগ্রহণ ও সহযোগিতার আবেদন জানিয়েছে আয়োজক সংস্থা।
