রাজীবনগর বাজারে সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন, কুইন্টাল প্রতি মিলবে ২,৩৬৯ টাকা

বলরাম দেবনাথ, সাব্রুম, ১৩ জুলাই || দক্ষিণ ত্রিপুরা জেলার সাতচাঁদ আর.ডি. ব্লকের অধীন রাজীবনগর বাজার প্রাঙ্গণে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্রের (রবি মরশুম ২০২৫–২৬) শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় রবিবার এই কর্মসূচির আয়োজন করা হয়।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ধান ক্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাষ লোদ, স্থানীয় পঞ্চায়েত প্রধান পঙ্কজ দত্ত, পঞ্চায়েত সমিতির সদস্য সমীর পালসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন জানানো হয়, এই ক্রয় কেন্দ্রের মাধ্যমে এলাকার কৃষকদের কাছ থেকে প্রতি কুইন্টাল ধান ২,৩৬৯ টাকা সহায়ক মূল্যে ক্রয় করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করাই সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য। এর ফলে মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমবে, কৃষকদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং গ্রামীণ কৃষি অর্থনীতি আরও শক্তিশালী হবে।
সরকারের এই জনমুখী উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকার কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তাঁদের আশা, সহায়ক মূল্যে ধান ক্রয়ের এই ব্যবস্থা কৃষকদের স্বার্থ রক্ষার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*