আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই || সদর মহকুমার অন্তর্গত কাঞ্চনমালা বাজারে টানা বৃষ্টির জেরে সৃষ্ট জলাবদ্ধতায় উপপ্রধানের বাড়িসহ একাধিক বাড়িতে বন্যার জল ঢুকে পড়ায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অভিযোগ, স্থানীয়দের আপত্তি উপেক্ষা করে একটি পুকুর খনন করা হলেও জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জানা গেছে, কাঞ্চনমালা বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা লিল্টু দেবনাথ তাঁর নিজস্ব জমিতে একটি পুকুর খনন করেন। তবে পুকুর খননের সময় জল নিষ্কাশনের জন্য কোনো ড্রেন বা বিকল্প ব্যবস্থা তৈরি করা হয়নি বলে অভিযোগ। ফলে গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে বাজারের পূর্বাংশে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং সেই জল আশপাশের বসতবাড়িতে ঢুকে পড়ে।
এই জলাবদ্ধতায় কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরচুৎ রায়, স্থানীয় বাসিন্দা মদন পালসহ একাধিক পরিবারের বাড়িতে বন্যার জল প্রবেশ করে। ভুক্তভোগীদের দাবি, অতীতে কখনও এই এলাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়নি, কারণ আগে জল নিষ্কাশনের স্বাভাবিক পথ ছিল। পুকুর খননের পর সেই পথ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় এবারের বৃষ্টিতে জল বের হতে না পেরে বাড়িঘরে ঢুকে পড়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলির আরও অভিযোগ, বাড়ির ভিত ও দেওয়ালে ইতিমধ্যেই ফাটল দেখা দিয়েছে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটাচ্ছেন তাঁরা। তাঁদের দাবি, পুকুর খননের সময়ই বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও তখন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
সোমবার পরিস্থিতির খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে। বিক্রমনগরের তহশিলদার এবং ডুকলি রেভিনিউ সার্কেলের ডিসিএম ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে একটি জরুরি বৈঠক করেন।
এলাকাবাসীর দাবি, দ্রুত স্থায়ী জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করে ভবিষ্যতে যাতে এমন দুর্ভোগের পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে প্রশাসন কার্যকর উদ্যোগ গ্রহণ করুক। বর্তমানে গোটা এলাকায় আতঙ্ক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে।
