আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই || মধুরূপা মেমোরিয়াল ক্যান্সার ওয়েলফেয়ার সোসাইটি (এমএমসিডব্লিউএস)-এর উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী ‘ওয়াকিং লেন্স ৩.০’ রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের লবিতে সফলভাবে সমাপ্ত হয়েছে। প্রদর্শনীতে আলোকচিত্রী, শিল্পপ্রেমী ও সাধারণ দর্শকদের ব্যাপক উপস্থিতি এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
এবারের প্রদর্শনীতে ২৫ জন আলোকচিত্রশিল্পীর তোলা ফটোজার্নালিজম, বন্যপ্রাণী, স্ট্রিট ফটোগ্রাফি, সংস্কৃতি, প্রকৃতি ও নান্দনিক সৌন্দর্যসহ বিভিন্ন বিষয়ভিত্তিক অসংখ্য আলোকচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নির্বাচিত ফ্রেমবন্দী আলোকচিত্রের চ্যারিটি অকশন, যার মাধ্যমে সংগৃহীত অর্থ ক্যান্সার রোগীদের চিকিৎসা সহায়তায় ব্যয় করা হবে।
এই মানবিক উদ্যোগকে আরও বিস্তৃত করতে এমএমসিডব্লিউএস ‘ওয়াকিং লেন্স ৩.০ ই-অকশন’ চালু করেছে। এখন সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে প্রদর্শনীতে স্থান পাওয়া নির্বাচিত আলোকচিত্র অনলাইনে সংগ্রহ করা যাবে। সংস্থার পক্ষ থেকে হোটেল, ক্যাফে, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্পোরেট সংস্থা এবং সরকারি দপ্তরগুলিকে এই উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে তারা নিজেদের প্রতিষ্ঠানে শিল্পকর্ম প্রদর্শনের পাশাপাশি ক্যান্সার রোগীদের সহায়তায়ও অংশীদার হতে পারেন।
এমএমসিডব্লিউএস-এর সম্পাদক জয়শঙ্কর ভট্টাচার্য জানান, ‘ওয়াকিং লেন্স’ শুধুমাত্র একটি আলোকচিত্র প্রদর্শনী নয়, এটি শিল্প ও মানবতার এক অনন্য সংযোগ। ই-অকশনের মাধ্যমে বিক্রি হওয়া প্রতিটি আলোকচিত্রের অর্থ সরাসরি ক্যান্সার রোগীদের সহায়তায় ব্যয় করা হবে। একটি আলোকচিত্র সংগ্রহের মাধ্যমে যেমন একটি গল্প সংরক্ষিত হবে, তেমনি একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগও তৈরি হবে।
প্রদর্শনীর সাংস্কৃতিক পর্বে রবীন্দ্রসংগীত শিল্পী পূর্ণি বসুর মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
প্রয়াত আলোকচিত্র সাংবাদিক মধুরূপার স্মৃতির উদ্দেশ্যে শুরু হওয়া ‘ওয়াকিং লেন্স’ বর্তমানে এমএমসিডব্লিউএস-এর অন্যতম বার্ষিক ফ্ল্যাগশিপ কর্মসূচি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। শিল্প, সংস্কৃতি ও মানবসেবাকে একসূত্রে বেঁধে ভবিষ্যতে এই আয়োজন আরও বৃহত্তর পরিসরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজক সংস্থা।
এদিকে, ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে এবং এই মানবিক উদ্যোগে অংশ নিতে এমএমসিডব্লিউএস রাজ্যের নাগরিক, শিল্পপ্রেমী, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতি চলমান ই-অকশনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।
