আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই || বামুটিয়া ব্লকের অধীন পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডে আগরতলা–বামুটিয়া প্রধান সড়ক থেকে মণিপুরপাড়া পর্যন্ত ইটের সলিং রাস্তা দীর্ঘ প্রায় দেড় বছর ধরে সংস্কারের অভাবে কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পাশাপাশি অপরিকল্পিতভাবে নির্মিত একটি কালভার্ট ভেঙে পড়ায় এবং রাস্তার দুই পাশের ইট ধসে যাওয়ায় প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল দশা সম্পর্কে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এই রাস্তাই এলাকার মানুষের একমাত্র যাতায়াতের ভরসা। প্রতিদিন স্কুল-কলেজের ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ, রোগীসহ সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয়দের আরও দাবি, বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। রাস্তার বড় বড় গর্তে জল জমে থাকায় দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স, দমকল বাহিনীর গাড়িসহ অন্যান্য জরুরি পরিষেবার যানবাহনের প্রবেশও অত্যন্ত কঠিন হয়ে পড়ে।
এলাকাবাসীর অভিযোগ, এই রাস্তা দিয়েই পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধানের বাড়িতে যাতায়াত করা হলেও দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। একাধিকবার রাস্তার পরিমাপ ও পরিদর্শনের কাজ হলেও আজ পর্যন্ত সংস্কার শুরু না হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে এলাকাবাসী অবিলম্বে রাস্তার সংস্কারের কাজ শুরু করার দাবি জানিয়েছেন। এখন প্রশাসন কবে নাগাদ এই সমস্যার স্থায়ী সমাধানে পদক্ষেপ গ্রহণ করবে, সেদিকেই তাকিয়ে রয়েছেন পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
