আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই || রথযাত্রার শুভ তিথিতে খুঁটি পুজোর মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা করল আগরতলার ঊষাবাজারের ঐতিহ্যবাহী ভারত রত্ন সংঘ। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তিময় পরিবেশে অনুষ্ঠিত এই খুঁটি পুজোকে কেন্দ্র করে ক্লাব প্রাঙ্গণে উৎসবের আবহ তৈরি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি, সম্পাদকসহ অন্যান্য সদস্যরা। বৈদিক মন্ত্রোচ্চারণ ও পূজার্চনার মধ্য দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতির শুভ সূচনা করা হয়। উদ্যোক্তারা জানান, সময়ের সঙ্গে ক্লাবের ভৌগোলিক পরিধি কিছুটা কমলেও দুর্গাপুজোকে ঘিরে সদস্যদের উৎসাহ-উদ্দীপনা এবং এলাকার মানুষের আবেগ এতটুকুও কমেনি।
ক্লাব কর্তৃপক্ষের দাবি, প্রতি বছরের মতো এবারও জাঁকজমকপূর্ণ আয়োজনে দেবী দুর্গার আরাধনা করা হবে। যদিও এবারের পুজোর থিম এখনও প্রকাশ করা হয়নি, তবে দর্শনার্থীদের জন্য থাকছে একাধিক নতুন আকর্ষণ ও চমক। ইতিমধ্যেই পুজোর বিভিন্ন প্রস্তুতির কাজ শুরু হয়েছে।
উদ্যোক্তাদের আশা, আগের বছরের তুলনায় এবার আরও বেশি সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম হবে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের বার্তা নিয়ে ঊষাবাজারের ভারত রত্ন সংঘের দুর্গোৎসব এবারও শহরের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে তারা আশাবাদী।
