যানজটমুক্ত ও আধুনিক রূপে গড়ে উঠছে বটতলা বাজার, ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে মেয়র দীপক মজুমদার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই || আগরতলা শহরের অন্যতম ব্যস্ততম বটতলা বাজার এলাকার দীর্ঘদিনের যানজট সমস্যা দূর করা এবং বাজারটিকে আধুনিক পরিকাঠামোয় গড়ে তোলার লক্ষ্যে শুক্রবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে বাজার ব্যবসায়ীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত থেকে ব্যবসায়ীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ, কর্পোরেটর নীতু দে, কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, মনোনীত কর্পোরেটর তথা প্রদেশ বিজেপির প্রাক্তন সভাপতি মনোজ কান্তি দেবরায়-সহ বটতলা বাজারের বহু ব্যবসায়ী।
বৈঠকে মেয়র দীপক মজুমদার জানান, বটতলা বাজারকে পরিকল্পিত ও আধুনিক বাজারে রূপান্তরিত করার পাশাপাশি যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দিয়েই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে তিনি আশ্বাস দেন।
তিনি আরও জানান, বটতলা বাজারের উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে দুর্গা চৌমুহনী বাজার, লেক চৌমুহনী বাজার এবং বর্ডার গোলচক্কর বাজারের সংস্কার কাজও হাতে নেওয়া হবে। এছাড়াও মহারাজগঞ্জ বাজারে ইতিমধ্যেই মাছ বাজারের আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে এবং আগামী দিনে গোটা মহারাজগঞ্জ বাজার এলাকাকেই আধুনিক ও সুসংগঠিত বাজার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
এই উদ্যোগের ফলে শহরের বাজার ব্যবস্থাপনা আরও উন্নত হবে, যানজট অনেকাংশে কমবে এবং ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা—উভয়েই উন্নত পরিষেবা ও পরিকাঠামোর সুবিধা পাবেন বলে আশা প্রকাশ করেন উপস্থিত ব্যবসায়ীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*