PAI 2.0-এ দক্ষিণ ত্রিপুরার সাফল্য, রাজ্যস্তরে দ্বিতীয় স্থান; পঞ্চায়েত দপ্তরের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বলরাম দেবনাথ, সাব্রুম, ১৭ জুলাই || রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি দিতে আগরতলার স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টারের গ্রাম স্বরাজ ভবনে শুক্রবার পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে জাঁকজমকপূর্ণ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে Panchayat Advancement Index (PAI) 2.0-এর Best Aggregate Score বিভাগে দক্ষিণ ত্রিপুরা জেলা রাজ্যস্তরে দ্বিতীয় স্থান (Rank-2) অর্জন করে উল্লেখযোগ্য সাফল্য লাভ করে। এই কৃতিত্বের জন্য জেলার সকল জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক, কর্মচারী এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সকল কর্মীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
এদিন রাজ্যের বিভিন্ন জেলা, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত স্তরে উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কাজে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ৫১টি পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও কর্মীদের সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। এছাড়াও পঞ্চায়েত দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, বিভিন্ন জেলার প্রশাসনিক প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পঞ্চায়েত ব্যবস্থা গ্রামীণ উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনঅংশগ্রহণ নিশ্চিত করে তৃণমূল স্তরে উন্নয়নের গতি আরও বাড়াতে রাজ্য সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। PAI 2.0-এ বিভিন্ন জেলা ও পঞ্চায়েতের সাফল্য ভবিষ্যতে উন্নয়নের ক্ষেত্রে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলেও আশা প্রকাশ করা হয়।
এদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ত্রিপুরার পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনমুখী করে গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*