গোপল সিং, খোয়াই, ১৮ জুলাই || ত্রিপুরা রাজ্যের জেলা স্তরে প্রশাসনিক কাজকর্মের গতি বাড়াতে এবং সরকারি প্রকল্পগুলির সঠিক রূপায়ণ সুনিশ্চিত করতে এক বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্যের আটটি জেলার জন্য পৃথকভাবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা ‘অভিভাবক মন্ত্রী’ (Guardian Minister) নিয়োগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার সচিবালয় থেকে ১৭ জুলাই ২০২৬ তারিখে এই সংক্রান্ত একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
রাজ্যপালের আদেশক্রমে ত্রিপুরার ডেপুটি সেক্রেটারি পি. দেবনাথ স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে কোন মন্ত্রী কোন জেলার দায়িত্বে থাকবেন তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। জেলাভিত্তিক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের তালিকা হলো:
১। উত্তর ত্রিপুরা: এই জেলার জন্য যৌথভাবে দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী সান্তনা চাকমা এবং শুক্লা চরণ নোয়াতিয়াকে।
২। উনকোটি: এই জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন সুশান্ত চৌধুরী।
৩। ধলাই: অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জেলার সার্বিক দেখভালের দায়িত্বে থাকবেন মন্ত্রী রতন লাল নাথ।
৪। খোয়াই: খোয়াই জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন টিঙ্কু রায়।
৫। পশ্চিম ত্রিপুরা: রাজধানী সহ এই জেলার গুরুদায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে।
৬। সিপাহীজলা: এই জেলার দায়িত্ব সামলাবেন মন্ত্রী বিকাশ দেববর্মা।
৭। গোমতী: এই জেলার জন্য যৌথভাবে দায়িত্ব দেওয়া হয়েছে কিশোর বর্মন এবং অনিমেষ দেববর্মাকে।
৮। দক্ষিণ ত্রিপুরা: দক্ষিণ ত্রিপুরা জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে যৌথ দায়িত্ব পেয়েছেন সুধাংশু দাস এবং বৃষকেতু দেববর্মা।
সরকারি সূত্রে জানা গেছে, এই বিজ্ঞপ্তির সাথে সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দিষ্ট দায়িত্ব ও কর্তব্যের বিবরণীও জুড়ে দেওয়া হয়েছে। সরকারের এই নতুন পদক্ষেপের ফলে জেলা স্তরের উন্নয়নমূলক কাজ ও প্রশাসনিক সমন্বয় আরও জোরালো হবে এবং প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের নানা সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে বলে আশা করছে ওয়াকিবহাল মহল।
