তেলিয়ামুড়ায় DYFI-এর ৫ম বিভাগীয় সম্মেলন, জনস্বার্থের ইস্যুতে সরকারের বিরুদ্ধে সরব যুব সংগঠন

সাগর দেব, তেলিয়ামুড়া, ১৯ জুলাই || ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI)-এর ৫ম তেলিয়ামুড়া বিভাগীয় সম্মেলন রবিবার তেলিয়ামুড়া টাউন হল তথা চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সম্মেলনকে কেন্দ্র করে সকাল ১০টা নাগাদ তেলিয়ামুড়া শহরের রাজপথে এক বিশাল মিছিল বের করা হয়।
মিছিল থেকে সংগঠনের নেতা-কর্মীরা বেকারত্ব বৃদ্ধি, নেশার প্রসারসহ বিভিন্ন জনস্বার্থের ইস্যুতে বর্তমান সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন। মিছিল শেষে চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে অনুষ্ঠিত মূল সম্মেলনে কর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেন।
সম্মেলনের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস, DYFI ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক, রাজ্য সম্পাদক নবারুণ দেব, কেন্দ্রীয় কমিটির সদস্যা মল্লিকা শীলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে মোট ৩১৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে রাজ্যে নেশার প্রসার এবং বেকারত্বের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। তিনি যুব সমাজের স্বার্থে বিভিন্ন গণআন্দোলন ও কর্মসূচি আরও জোরদার করার আহ্বান জানান।
অন্যদিকে, DYFI-এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বলেন, বর্তমানে দেশে একটি কঠিন পরিস্থিতি বিরাজ করছে। তাঁর অভিযোগ, দেশের সংবিধানের মূল চেতনা পরিবর্তনের চেষ্টা চলছে, যার ফলে সাধারণ মানুষ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। তিনি জানান, সাধারণ মানুষের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় DYFI ভবিষ্যতেও ধারাবাহিকভাবে প্রতিবাদ ও আন্দোলন চালিয়ে যাবে।
সম্মেলনে সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি ও সাংগঠনিক বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*