বলরাম দেবনাথ, সাব্রুম, ১৯ জুলাই || ত্রিপুরার বাণিজ্যিক ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করলেন রাজ্যের সফল নারী আমদানিকারক ও রপ্তানিকারক রত্না দে। গ্রেট ব্রিটেনের মর্যাদাপূর্ণ ‘Frostflow Intelligentsource To – Cold Infrastructure Platform’-এর আমন্ত্রণে তিনি লন্ডন পাড়ি দিচ্ছেন। আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ইংল্যান্ডের পার্লামেন্ট তাঁকে বিশেষ সম্মাননায় ভূষিত করতে চলেছে।
রত্না দে ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার পরিচিতি উজ্জ্বল করেছেন। তাঁর উদ্যোগে ত্রিপুরার বাণিজ্যিক সম্পর্ক বিস্তৃত হয়েছে সৌদি আরব, অস্ট্রেলিয়া ও গ্রেট ব্রিটেনসহ বিভিন্ন দেশের সঙ্গে। বিশেষ করে গ্রেট ব্রিটেনে ত্রিপুরার ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব বাঁশের তৈরি পণ্য রপ্তানি করে তিনি ব্যাপক সাফল্য অর্জন করেছেন।
আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্যে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের জন্য ভারতের একাধিক নামী বাণিজ্যিক সংস্থা তাঁকে পূর্বেও বিশেষভাবে পুরস্কৃত ও সম্মানিত করেছে।
জানা গেছে, আগামীকাল তিনি নয়াদিল্লি থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। ইংল্যান্ডের পার্লামেন্টে উত্তর-পূর্ব ভারতের একমাত্র সফল নারী রপ্তানিকারক হিসেবে এই আন্তর্জাতিক সম্মান গ্রহণ করবেন তিনি।
রত্না দে-র এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং ত্রিপুরার উদীয়মান উদ্যোক্তা সমাজের জন্যও এক বড় অনুপ্রেরণা। বিশেষ করে নারী ব্যবসায়ীদের কাছে তাঁর এই সম্মান নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করবে বলেই মনে করা হচ্ছে।
