বলরাম দেবনাথ, সাব্রুম, ২২ জুলাই || দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে মাদকবিরোধী অভিযানে পুলিশের সাফল্যের ধারাবাহিকতায় এনডিপিএস (NDPS) আইনের এক গুরুত্বপূর্ণ মামলায় দুই যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। সাব্রুমের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিশেষ বিচারক অসিত দেবনাথ এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন সাব্রুমের দমদমা দাসপাড়ার বাসিন্দা অভিজিৎ দাস (২৮) এবং নেতাজি পল্লীর বাসিন্দা সুব্রত দাস (২৩)।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ২২ এপ্রিল সকাল প্রায় ১০টা ৪৫ মিনিটে সাব্রুম-বৈষ্ণবপুর সড়কের মহেন্দ্রনাথ টিলা সংলগ্ন এলাকায় রুটিন টহলদারির সময় একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ। চালক সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে দুই আরোহীকে আটক করে।
পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেল থেকে ১০.১১ গ্রাম হেরোইন এবং ৭৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়। এরপর তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়।
সরকারি আইনজীবী (এপিপি) প্রিয়াঙ্কা মজুমদার জানান, মামলাটির তদন্ত করেন সাব্রুম থানার সাব-ইন্সপেক্টর অর্জন চাকমা। বিচার চলাকালীন আদালতে ১০ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়।
এরপর মামলার চূড়ান্ত শুনানি শেষে বিশেষ বিচারক অসিত দেবনাথ দুই অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা করে জরিমানা, অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডের নির্দেশ দেন। রায় ঘোষণার পরই দণ্ডপ্রাপ্তদের বিলোনিয়া জেলা শোধনাগারে পাঠানো হয়েছে।
মাদক পাচার ও কারবারের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা হিসেবে আদালতের এই রায়কে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আইনজীবী মহল ও স্থানীয় বাসিন্দারা।
