বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে সাব্রুমে সচেতনতামূলক সেমিনার

বলরাম দেবনাথ, সাব্রুম, ১২ সেপ্টেম্বর || বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে সাব্রুমে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ সচেতনতামূলক সেমিনার। আত্মহত্যা প্রতিরোধের পাশাপাশি মানসিক স্বাস্থ্য সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সাব্রুম মহকুমা হাসপাতালের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।
সাব্রুম পিএমশ্রী বালিকা বিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাব্রুম মহকুমা হাসপাতালের চিকিৎসক ডা. সমীক হাজরা, এএনএম ডা. তনুশ্রী ভৌমিক, প্রাক্তন রূপাছড়ি বিদ্যালয় পরিদর্শক দুলাল দাস, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ-সহ অন্যান্যরা।
সেমিনারে জাতীয় মানসিক স্বাস্থ্য কার্যক্রম এবং রাষ্ট্রীয় টেলি-মানসিক স্বাস্থ্য কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা মানসিক চাপ, হতাশা এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাওয়া মানুষের পাশে দাঁড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন।
বক্তারা বলেন, মানসিকভাবে সমস্যার মধ্যে থাকা কাউকে একা না রেখে তার কথা মনোযোগ দিয়ে শোনা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান অত্যন্ত জরুরি। সময়মতো পরিবারের সদস্য, বন্ধু বা পরিচিতজনের সঙ্গে নিজের সমস্যার কথা ভাগ করে নেওয়ার পাশাপাশি প্রয়োজনে চিকিৎসক বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
এদিনের আলোচনায় আরও বলা হয়, আত্মহত্যা প্রতিরোধ শুধুমাত্র কোনও ব্যক্তি বা একটি প্রতিষ্ঠানের দায়িত্ব নয়। পরিবার, বিদ্যালয় ও সমাজের সম্মিলিত সচেতনতা এবং সহযোগিতার মাধ্যমেই সংকটের মধ্যে থাকা একজন মানুষের পাশে কার্যকরভাবে দাঁড়ানো সম্ভব।
একজন মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়েন, তখন তার প্রতি সহানুভূতিশীল আচরণ, মন দিয়ে কথা শোনা এবং প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা তার জীবনে নতুন আশার সূচনা করতে পারে বলেও মত প্রকাশ করেন বক্তারা।
সচেতনতামূলক এই কর্মসূচির মাধ্যমে আত্মহত্যা প্রতিরোধ এবং মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজের সর্বস্তরে আরও বেশি সচেতনতা গড়ে তোলার বার্তা দেওয়া হয়।
এ বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন সাব্রুম মহকুমা হাসপাতালের প্রোগ্রাম অফিসার শৌমিক হাজরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*