জনজাতি ভোটারদের ভালোবাসার ঋণ শোধ করতে ময়দানে ‘দিদি’: কাঁঠালিয়া-মোহনভোগে বিজেপির সভায় উপজাতি নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি

গোপাল সিং, খোয়াই, ১৩ সেপ্টেম্বর || ২০১৮ ও ২০২৩ সালের বিধানসভা নির্বাচন এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ত্রিপুরার জনজাতি অধ্যুষিত এলাকার মানুষের সমর্থন বিজেপির জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই জনসমর্থনের কথা স্মরণ করে এবার এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জনজাতি এলাকার বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচারের ময়দানে নামলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী প্রতিমা ভৌমিক।
রবিবার সিপাহীজলা জেলার কাঁঠালিয়া ও মোহনভোগ আরডি ব্লকে আয়োজিত দুটি নির্বাচনী সাংগঠনিক সভায় অংশ নেন তিনি। প্রথম সভাটি অনুষ্ঠিত হয় কাঁঠালিয়া ব্লকে। সেখানে পাঁচটি ভিলেজ কাউন্সিলের মোট ৩৬ জন বিজেপি প্রার্থী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে প্রায় অর্ধেকই ছিলেন জনজাতি সম্প্রদায়ের নারী প্রার্থী।
এরপর মোহনভোগ আরডি ব্লকের চান্দুল কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় দ্বিতীয় সাংগঠনিক সভা। পাঁচটি ভিলেজ কাউন্সিলের ৩৯ জন প্রার্থী ছাড়াও সভায় উপস্থিত ছিলেন দুই শতাধিক সক্রিয় দলীয় কর্মী ও সমর্থক।
সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রতিমা ভৌমিক বলেন, অতীতে জনজাতি সমাজ যেভাবে তাঁকে ‘দিদি’ হিসেবে ভালোবাসা ও সমর্থন দিয়েছে, এবার তাঁদের মনোনীত প্রার্থীদের জয় নিশ্চিত করাই তাঁর অন্যতম লক্ষ্য। জনজাতি এলাকার মানুষের সঙ্গে বিজেপির সম্পর্ক আরও শক্তিশালী করার বার্তাও দেন তিনি।
দুই সভাতেই জনজাতি নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ বিশেষভাবে নজর কাড়ে। কর্মী-সমর্থকদের উৎসাহে সন্তোষ প্রকাশ করে প্রতিমা ভৌমিক জনজাতি অধ্যুষিত এলাকায় ফের বিজেপির ‘পদ্ম’ প্রতীকের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস ব্যক্ত করেন।
এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে কাঁঠালিয়া ও মোহনভোগে বিজেপির এই সাংগঠনিক তৎপরতা দলের নির্বাচনী প্রস্তুতিকে আরও জোরদার করল বলে মনে করছেন দলীয় কর্মী-সমর্থকরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*