যোগেন্দ্রনগরে বাইক নিয়ে সোনার চেইন ছিনতাই: ৩৬ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত গ্রেপ্তার, সিসিটিভি ও প্রযুক্তির সাহায্যে সাফল্য পূর্ব আগরতলা থানার

গোপাল সিং, খোয়াই, ১৩ সেপ্টেম্বর || রাজধানী আগরতলার যোগেন্দ্রনগরে প্রাতঃভ্রমণে বেরিয়ে এক অবসরপ্রাপ্ত শিক্ষিকার গলার সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় দ্রুত সাফল্য পেল পূর্ব আগরতলা থানার পুলিশ। ঘটনার মাত্র ৩৬ ঘণ্টার মধ্যেই সিসিটিভি ফুটেজ ও মোবাইল ট্র্যাকিং প্রযুক্তির সাহায্যে মূল অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ছিনতাইয়ের পর অভিযুক্ত পুলিশকে বিভ্রান্ত করতে তার ব্যবহৃত বাইকে একটি ভুয়ো অটোর নম্বর প্লেট লাগিয়েছিল। তবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা এবং প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে অভিযুক্তের গতিবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পায় পুলিশ। পরবর্তীতে বান্ধবীকে নিয়ে বাইকে ঘোরার সময় তাকে ঘেরাও করে আটক করা হয়।
ধৃত যুবকের আসল বাড়ি খোয়াইয়ের চেবড়ী এলাকায়। বর্তমানে সে আগরতলার অভয়নগর এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করছিল বলে পুলিশ জানিয়েছে।
সাংবাদিক সম্মেলনে পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকার অভিযানের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তিনি জানান, ঘটনার পর দ্রুত তদন্ত শুরু করে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে মূল অভিযুক্তকে চিহ্নিত করা সম্ভব হয়েছে।
তবে এখনও পর্যন্ত ছিনতাই হওয়া সোনার হারটি উদ্ধার করা সম্ভব হয়নি। পাশাপাশি এই ঘটনায় যুক্ত আরও এক সহযোগী পলাতক রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
তদন্তে এই ছিনতাইয়ের সঙ্গে বহিরাজ্যের একটি দুষ্কৃতী চক্রের যোগসূত্রেরও ইঙ্গিত মিলেছে বলে পুলিশ জানিয়েছে। পলাতক সহযোগীসহ এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য দুষ্কৃতীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার লক্ষ্যে অভিযান চালানো হবে বলে জানান ওসি কৃষ্ণধন সরকার। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*