বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৩ সেপ্টেম্বর || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে সেবা, সংকল্প ও অভিযানের অঙ্গ হিসেবে জোলাইবাড়িতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল ভারতীয় জনতা যুব মোর্চা, জোলাইবাড়ি। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে জোলাইবাড়ি-বিলোনিয়া সড়কের মাথায় এই রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক বিপ্লব সেন, ৩৮ জোলাইবাড়ি মণ্ডলের সভাপতি সুজিত দত্ত, বিজেপি যুব মোর্চার প্রদেশ কমিটির সহ-সভাপতি প্রসেনজিৎ পাল, যুব মোর্চার দক্ষিণ জেলা সভাপতি সুদীপ গোপ এবং জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
শিবিরকে ঘিরে যুব সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এদিন প্রায় ৭০ জন যুবক স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদানের মাধ্যমে মানবসেবার পাশাপাশি সমাজের প্রতি যুব সমাজের দায়বদ্ধতার বার্তাও তুলে ধরা হয়।
এদিন যুব মোর্চার দক্ষিণ জেলা সভাপতি সুদীপ গোপ বলেন, যুব মোর্চা শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়, সমাজের মানুষের পাশে দাঁড়ানোও সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। মানুষের প্রয়োজনে এই ধরনের সামাজিক কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
রক্তদান শিবিরের মধ্য দিয়ে জোলাইবাড়িতে যুব মোর্চা ফের সাংগঠনিকভাবে সক্রিয় হয়ে জনসংযোগ বাড়ানোর পথে এগোচ্ছে বলেই মনে করছেন উপস্থিত নেতৃত্ব ও কর্মীরা।
