শিক্ষক সংকটে স্তব্ধ সড়ক, মাত্র ৩ শিক্ষকে চলছে স্কুল, চেবরী-তুলাশিখর সড়ক অবরোধ করে খুদে পড়ুয়াদের বিক্ষোভ

গোপাল সিং, খোয়াই, ১৪ সেপ্টেম্বর || শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে সোমবার সকাল থেকে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হয় পশ্চিম রাজনগর ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীরা। দীর্ঘক্ষণ সড়ক অবরোধের জেরে ওই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে। ব্যাপক যানজটের সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ ও পথচারীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম রাজনগর ইংরেজি মাধ্যম স্কুলে নার্সারি থেকে প্রাথমিক বিভাগ পর্যন্ত বিপুল সংখ্যক পড়ুয়া রয়েছে। কিন্তু সেই অনুপাতে বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা অত্যন্ত কম। বর্তমানে মাত্র তিনজন শিক্ষক দিয়ে বিদ্যালয়ের পঠনপাঠন চালাতে হচ্ছে বলে অভিযোগ। ফলে নিয়মিত ক্লাস পরিচালনা থেকে শুরু করে পড়ুয়াদের সঠিকভাবে পাঠদানে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে।
দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের কারণে সমস্যায় থাকা পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। শেষ পর্যন্ত খুদে পড়ুয়ারাও রাস্তায় নেমে এসে শিক্ষক নিয়োগের দাবিতে সরব হয়। বিক্ষোভকারীরা চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে, পশ্চিম রাজনগর হাই স্কুলেও দীর্ঘদিন ধরে তীব্র শিক্ষক সংকট রয়েছে বলে অভিযোগ উঠেছে। পর্যাপ্ত শিক্ষক নিয়োগের জন্য বারবার দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ না নেওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ আরও বাড়ে। এই পরিস্থিতিতেই পথ অবরোধে নামতে বাধ্য হন তাঁরা বলে জানা গেছে।
খবর পেয়ে প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। দ্রুত বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের আশ্বাস দেওয়া হলে অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। এরপর ধীরে ধীরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তবে প্রশাসনের আশ্বাসে আপাতত অবরোধ প্রত্যাহার হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষক সংকটের স্থায়ী সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর ও তীব্র আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা। তাঁদের দাবি, পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে দ্রুত পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করে বিদ্যালয়ের পঠনপাঠনের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দিতে হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*