গোপাল সিং, খোয়াই, ০৬ অক্টোবর || খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী ও বারবিল হাইস্কুলের পর এবার প্রাথমিক শিক্ষার বেহাল দশা প্রকাশ্যে এলো জেলা সদরের জীবনানন্দ বিদ্যামন্দির জে.বি. স্কুলে। তীব্র শিক্ষক সংকট, ভাঙাচোরা বাউন্ডারি ওয়াল এবং মিড-ডে মিলের নানা অনিয়ম নিরসনের দাবিতে মঙ্গলবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম দেবনাথের নিকট স্মারকলিপি প্রদান করলো ভারতের ছাত্র ফেডারেশন খোয়াই বিভাগীয় কমিটি। স্মারকলিপি প্রদানকালে শিক্ষক সংকটের এক করুণ চিত্র উঠে আসে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বয়ং ছাত্র নেতাদের কাছে ক্ষোভ প্রকাশ করে স্বীকার করেন যে, চরম শিক্ষক শূন্যতার কারণে বাধ্য হয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের একই ঘরে বসিয়ে একসাথে ক্লাস নিতে হচ্ছে! একইভাবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পঠনপাঠনও একসঙ্গেই চালাতে হচ্ছে। এতে কোমলমতি শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষালাভ চরমভাবে ব্যাহত হচ্ছে।
বিদ্যালয়ের ভগ্ন বাউন্ডারি ওয়াল প্রসঙ্গে টিআইসি জানান, নিরাপত্তা ঝুঁকি নিয়ে তিনি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি নিজেও পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে গভীর আশঙ্কা প্রকাশ করেন। তবে স্মারকলিপি গ্রহণ করে তিনি আশ্বাস দেন যে, এসএফআই-এর তোলা এই ন্যায্য দাবিগুলি তিনি দ্রুত বিভাগীয় আধিকারিকদের দরবারে পৌঁছে দেবেন এবং ছাত্রস্বার্থ রক্ষায় পদক্ষেপ নেবেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে জমা দেওয়া স্মারকলিপিতে এসএফআই-এর প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে, বিদ্যালয়ে অবিলম্বে পর্যপ্ত শিক্ষক নিয়োগ করে স্বাভাবিক পঠনপাঠনের পরিবেশ ফিরিয়ে আনা, দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে থাকা বাউন্ডারি ওয়াল পুনর্নির্মাণ ও সংস্কার করে ছাত্রছাত্রীদের নিশ্ছিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য উন্নত গুণমান বজায় রেখে নিয়মিত পুষ্টিকর মিড-ডে মিলের সুব্যবস্থা করা।
এদিনের এই কর্মসূচিতে এসএফআই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন খোয়াই বিভাগীয় সম্পাদক সাগর পাল, অঞ্চল সম্পাদক সৌম্য শুভ্র বণিক, ছাত্রনেতা অরিত্র নন্দী, রণজিত দাস, রূপক মুণ্ডা সহ অন্যান্যরা। ছাত্র সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বিদ্যালয়টির সমস্যা দ্রুত সমাধান করা না হলে আগামী দিনে সার্বিক শিক্ষার স্বার্থে খোয়াইজুড়ে আন্দোলন আরও তীব্র করা হবে।
