পুলিশ প্রশাসনের পক্ষপাতিত্ব ও হেনস্তার প্রতিবাদে সরকারি নিরাপত্তা বা পিএসও প্রত্যাহারের ঘোষণা তিপ্রা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মার

গোপাল সিং, খোয়াই , ২৪ অক্টোবর || পুলিশ প্রশাসনের বিরুদ্ধে চরম পক্ষপাতিত্ব ও মানসিক হেনস্তার গুরুতর অভিযোগ তুলে নিজের সরকারি নিরাপত্তা বা পিএসও সম্পূর্ণভাবে প্রত্যাহারের ঘোষণা দিলেন রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের তিপ্রামথা পার্টির বিধায়ক রঞ্জিত দেববর্মা। বিনা নোটিশে বা আগাম কোনো আলোচনা ছাড়াই নিরাপত্তারক্ষী বদলে দেওয়ার প্রতিবাদে প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। একজন দায়িত্বশীল বিধায়কের এই নজিরবিহীন পদক্ষেপে রাজ্য রাজনীতি ও প্রশাসনিক অলিন্দে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। গত ২৩শে অক্টোবর ত্রিপুরার পুলিশ সুপারের (সিকিউরিটি উইং) কাছে পাঠানো একটি আনুষ্ঠানিক চিঠিতে বিধায়ক রঞ্জিত দেববর্মা তাঁর তীব্র ক্ষোভ ও ক্ষোভের কারণ বিস্তারিত তুলে ধরেন।
বিধায়ক অভিযোগ করেন, তাঁর নিরাপত্তায় থাকা পিএসও সুকেশ দেববর্মাকে কোনো ধরনের আলোচনা ছাড়াই হঠাৎ বদলি বা ক্লোজ করা হয়েছে। সংশ্লিষ্ট পুলিশ কর্মী অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন এবং তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। এর আগেও পরিমল দেববর্মা নামের অপর এক পিএসও-র ক্ষেত্রে একইভাবে পদক্ষেপ নেওয়া হয়েছিল।সরকারের কিছু নির্দিষ্ট মন্ত্রী ও বিধায়কদের পছন্দের পিএসও-রা বছরের পর বছর একই জায়গায় বহাল তবিয়তে কাজ করছেন। অথচ কিছু ক্ষেত্রে বারবার ইচ্ছাকৃত বদলি নীতি চাপিয়ে দেওয়া হচ্ছে। এসপি সিকিউরিটি উইংয়ের এই স্পষ্ট পক্ষপাত ও নির্দিষ্ট নীতির অভাব নিয়ে তিনি আগেও লিখিতভাবে প্রতিবাদ জানিয়েছিলেন বলে জানান।
পুলিশ সিকিউরিটি উইংয়ের এই ধরনের অনভিপ্রেত ও একপেশে আচরণে অসন্তোষ প্রকাশ করে বিধায়ক স্পষ্ট জানিয়েছেন, এ জাতীয় আচরণ মেনে নেওয়া সম্ভব নয়। প্রতিবাদস্বরূপ তিনি তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা অবশিষ্ট সমস্ত পিএসও অবিলম্বে প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছেন। সমগ্র বিষয়টি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠির অনুলিপি ত্রিপুরার মুখ্যমন্ত্রী (যিনি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বেও রয়েছেন) এবং রাজ্য পুলিশের মহা-নির্দেশক-র কাছে পাঠানো হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*