ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে ৩০ অক্টোবর আগরতলায় ইন্ডিয়া ব্লকের বিক্ষোভ মিছিল ও সিইও অফিস অভিযান, চার দফা দাবিতে স্মারকলিপি প্রদানের ঘোষণা

গোপাল সিং, খোয়াই , ২৪ অক্টোবর || ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরোধিতা এবং দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বৃহত্তর আন্দোলনের ডাক দিল ত্রিপুরার বিরোধী জোট ইন্ডিয়া ব্লক। আগামী ৩০ অক্টোবর আগরতলায় বিক্ষোভ মিছিল ও মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) কার্যালয় অভিযান করার কর্মসূচি ঘোষণা করেছে জোটের নেতৃত্ব।
আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক যৌথ সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তাঁদের বক্তব্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ভোটারদের ভোটাধিকার খর্ব হওয়ার আশঙ্কা রয়েছে বলেও দাবি করেন তাঁরা।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৩০ অক্টোবর সকাল ১১টায় আগরতলার ওরিয়েন্ট চৌমুহনী থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে। মিছিলটি শহরের প্রধান সড়কগুলি পরিক্রমা করে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে পৌঁছবে। সেখানে চার দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করবেন আন্দোলনকারীরা।
বিরোধী জোটের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার আড়ালে ত্রিপুরার প্রায় আড়াই লক্ষ প্রকৃত ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়ার আশঙ্কা রয়েছে। তাঁদের দাবি, এই সংশোধন প্রক্রিয়ার ফলে সাধারণ ও প্রকৃত ভোটাররা যাতে কোনওভাবেই তাঁদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি, শাসকদলকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলেও অভিযোগ তুলেছে বিরোধী জোট।
সাংবাদিক সম্মেলনে গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার রক্ষার প্রশ্নে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখার দাবি জানানো হয়। এসআইআর প্রক্রিয়া অবিলম্বে বাতিল করা এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিও সামনে আনে বিরোধী জোট।
উল্লেখ্য, ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে বিরোধী জোটের এই কর্মসূচি ঘিরে ত্রিপুরার রাজনৈতিক মহলে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। আগামী ৩০ অক্টোবরের বিক্ষোভ মিছিল ও সিইও অফিস অভিযানকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*