
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুন ৷৷ এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যদিয়ে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত দ্বিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করতেন মূখ্যমন্ত্রী মানিক সরকার। নতুন এই বাড়ীটি তৈরী করতে ব্যয় হয়েছে সাড়ে এগার কোটি টাকা। ৬০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে মহকুমা হাসপাতালের মতো সকল ধরনের পরিষেবা পাওয়া যাবে। এই এলাকার প্রায় ৭০ হাজার মানুষের এই হাসপাতাল পরিষেবা দিচ্ছে। মঙ্গলবার হাসপাতালের নতুন এই ভবনের উদ্বোধন করে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর মূখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেন। মূখ্যমন্ত্রী বলেন, সকল রোগীকে সমান ও সর্বোচ্চ পরিষেবা দিতে হবে। চিকিৎসা কর্মীদের এই কাজ নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী, সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী সহিদ চৌধুরী, বিধায়ক শ্যামল চক্রবর্তী, স্বাস্থ্য দপ্তরের সচিব সমরজিৎ ভৌমিক, স্বাস্থ্য অধিকর্তা ডাঃ জে কে দেববর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ডাঃ এন ডারলং, সিপাহীজলা জেলার জেলা শাসক প্রদীপ কুমার চক্রবর্তী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান কমলা মজুমদার।
