বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ অক্টোবর || রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের রেশ কাটতে না কাটতেই ঘরে ঘরে দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে উঠবেন আপামর বাঙালি। আর এই পুজোকে কেন্দ্র করে রাজ্যের অন্যান্য বাজারের পাশাপাশি শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া বাজারেও দেখা যাচ্ছে কেনাকাটার ব্যস্ততা। দেবী লক্ষ্মীর প্রতিমা থেকে শুরু করে পুজোর বিভিন্ন সামগ্রী নিয়ে বাজারে পসরা সাজিয়ে বসেছেন দোকানদাররা।
বাজারের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিতে গিয়ে কথা হয় স্থানীয় মৃৎশিল্পীদের সঙ্গে। তাঁদের বক্তব্য, চলতি বছরে লক্ষ্মী প্রতিমার দাম তেমন বাড়ানো হয়নি। প্রতিমা তৈরিতে মাটি কিনতে হচ্ছে। পাশাপাশি প্রতিমা নির্মাণে ব্যবহৃত অন্যান্য সামগ্রীর দামও আগের তুলনায় বেড়েছে। ফলে প্রতিমা তৈরিতে খরচ বৃদ্ধি পেলেও ক্রেতাদের কথা মাথায় রেখে বিক্রির দাম সীমিত রাখার চেষ্টা করেছেন তাঁরা। জানা গিয়েছে, প্রতিমার সর্বোচ্চ দাম রাখা হয়েছে ৫০০ টাকা। স্থানীয় মৃৎশিল্পীদের পাশাপাশি মহকুমার বাইরে মেলাঘর থেকেও কয়েকজন ব্যবসায়ী লক্ষ্মী প্রতিমা নিয়ে বাইখোড়া বাজারে এসেছেন।
অন্যদিকে, মালা-সহ পুজোর বিভিন্ন সামগ্রীর দাম আগের মতোই রাখা হয়েছে বলে জানিয়েছেন দোকানদাররা। তবে পুজোর অন্যতম উপকরণ ফলের দাম গতবারের তুলনায় অনেকটাই বেড়েছে বলে দাবি ফল ব্যবসায়ীদের। দাম বৃদ্ধির কারণে অনেক ক্রেতাই নিজেদের সামর্থ্য অনুযায়ী অল্প পরিমাণে ফল কিনছেন।
মূল্যবৃদ্ধির চাপ থাকলেও সাধ্যের মধ্যে প্রতিমা ও পুজোর প্রয়োজনীয় সামগ্রী কিনে ঘরে ঘরে লক্ষ্মীপুজোর প্রস্তুতি চলছে। সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করে দেবী লক্ষ্মীর আরাধনায় শামিল হচ্ছেন সাধারণ মানুষ। সব মিলিয়ে কোজাগরী লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে বাইখোড়া বাজারে উৎসবের আমেজ ও আনন্দের পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।
