আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর ৷৷ ভারতের উত্তর-পূর্বাঞ্চলের দিকে বিশেষ নজর দেওয়ার ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় মন্ত্রী সভার সদস্যদের বারবারই বলে আসছেন। কেন্দ্রীয় সরকার থেকে রাজ্যে প্রচুর অর্থ আসছে। সঠিক ইমপ্লিমেন্ট হলে ভবিষ্যতেও আরও অর্থ পাঠানো হবে। সোমবার বিকেলে ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এক কথা বলেন কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রালয়ের মন্ত্রী শ্রীপদ নায়েক। শ্রী নায়েক বলেন, সোমবার কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রালয়ের উদ্যোগে এডিসি-র সদর কার্যালয় খুমুলুঙ্গস্থিত রিজিয়নাল ইন্সটিটিউটে ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন করা হয়। তিনি বলেন এই হাসপাতালে রোগীদের বিনামূল্যে এক্সরে, ই সি জি সহ অন্যান্য পরিষেবা দেওয়া হবে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রালয়ের তরফ থেকে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছিল রাজ্যের ৮টি জেলায় এরকম একটি করে হাসপাতাল তৈরী করতে ইচ্ছুক। এজন্য রাজ্য সরকারকে ভারত সরকারের কাছে আবেদন করতে হবে। কয়েক মাস আগে এই প্রস্তাব পাঠালেও রাজ্য সরকার এখনো আবেদন করেনি বলে কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রালয়ের মন্ত্রী শ্রীপদ নায়েক সাংবাদিকদের জানান।সাংবাদিক সন্মেলনে এম সি ডি-র স্টিয়ারিং কমিটির ভাইস চেয়ারম্যান ডাঃ নন্দিনী শর্মা বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ত্রিপুরা, গৌহাটি, আইজল এবং ইম্ফলে একটি করে এরকম ৪টি হাসপাতাল রয়েছে। আরও ২টি হাসপাতালের কাজ ইতিমধ্যে চলছে।
এদিন সাংবাদিক সন্মেলনে কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রালয়ের মন্ত্রী শ্রীপদ নায়েক এবং এম সি ডি-র স্টিয়ারিং কমিটির ভাইস চেয়ারম্যান ডাঃ নন্দিনী শর্মা ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব প্রমুখ।
