আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর ৷৷ ধর্মের নামে, জাতীর নামে, রাজ্যের জাতি-উপজাতির ঐক্যের মধ্যে বিভাজনের রাজনীতি করছে বামফ্রন্ট। রবিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এই কথা বলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি বলেন, রাজ্যে জঙ্গল রাজের পরিবেশ সৃষ্টি হয়েছে। সাংবাদিক খুন হচ্ছে, ব্যাঙ্ক কর্মী অপহরণ হচ্ছে অথচ রাজ্য সরকারের এইদিকে কোনো নজর নেই। তিনি বলেন, স্বামী বিবেকানন্দ ময়দানে সি আই টি ইউ’র সমাবেশে মূখ্যমন্ত্রী সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক এবং ব্যাঙ্ক কর্মী অপহরণের বিষয়ে একটি কথাও বলেননি।সাংবাদিক সন্মেলনে বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, তৈদু গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজার সহ চার ব্যাঙ্ক কর্মী অপহরণের ঘটনার তীব্র নিন্দা জানায় বিজেপি। তিনি বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে অক্ষত অবস্থায় তৈদু গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজার সহ চার ব্যাঙ্ক কর্মীকে উদ্ধার করতে না পাড়লে ২৪ ঘন্টা পর (সোমবার বিকেল ৪টা) মূখ্যমন্ত্রীর সরকারি আবাসের সামনে অবরোধে বসবে বিজেপি। তিনি বলেন, এই অবরোধ ততক্ষন চলবে যতক্ষন পর্যন্ত না ব্যাঙ্ক কর্মীদের অক্ষত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হবে। এদিনের সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক আশিষ কুমা সাহা এবং বিজেপি’র সাধারণ সম্পাদক রাজিব ভট্টাচার্য।
