আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারী ৷৷ শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী জনসভায় কানায় কানায় পূর্ণ জনসভাস্থল। শান্তিরবাজার সহ আগরতলায় গেড়ুয়া ঝড় দেখলেন শহরবাসী। বৃহস্পতিবার বিজেপি’র নির্বাচনী প্রচারে দ্বিতীয় দফায় রাজ্যে এসে দুটি জনসভায় ভাষন রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ত্রিপুরা জেলার শান্তির বাজার এবং আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে ভাষন রাখেন তিনি। আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে যখন তিনি ভাষন দিতে উঠেন কানায় কানায় পূর্ণ রাস্তা থেকে শুরু করে জনসভাস্থলে উপস্থিত সকলেই মোদি মোদি শব্দ উচ্চারণ আর মহিলাদের উলুর ধ্বনিতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে থাকেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আগরতলায় এসে এতো ভালোবাসা পেয়ে আমি খুব আনন্দিত। তিনি বলেন, আজ ত্রিপুরাবাসী আমাকে যে সন্মান ও ভালোবাসা দিয়েছে, ত্রিপুরার মানুষকে তার দ্বিগুন ফিরিয়ে দেব ত্রিপুরার বিকাশের মাধ্যমে। দীর্ঘ ভাষণে বামফ্রন্ট সরকারের সমালোচনা ও বিজেপি সরকার এলে যা যা কাজ করবেন তা তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে সকাল থেকে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তার আগমনে শান্তির বাজার এবং আগরতলা দু’টি জনসভাতেই বিজেপি’র নেতা-কর্মীদের ঢল নামে। সভায় নরেন্দ্র মোদী ছাড়াও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব, অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশ্বর্মা, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব সহ দলীয় নেতা ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।