আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারী ৷৷ ১৮ই ফেব্রুয়ারী ত্রিপুরা বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারের ঝড় তুলতে দ্বিতীয় দফায় রাজ্যে আসলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে ত্রিপুরার প্রধান বিরোধীদল বিজেপি’র নির্বাচনী প্রচারে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় রাজ্যে এসে দুটি জনসভায় ভাষন রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দুপুর ১টা ৩০ মিনিটে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার এবং বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানী আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে ভাষন রাখেন তিনি।আগরতলার আস্তাবল ময়দানে আয়োজিত জনসভায় মোদী বলেন, রাজ্যে ইতিমধ্যেই বিজেপি সরকার চলে এসেছে, শুধু এর ঘোষণার জন্য অপেক্ষা। দীর্ঘ ভাষণে বামফ্রন্ট সরকারের সমালোচনা ও বিজেপি সরকার এলে যা যা কাজ করবেন তা তুলে ধরেন তিনি। তিনি বলেন, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর মুখ্যমন্ত্রীর শপথগ্রহন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রথমে মতদান (ভোট দান), তারপর জলপান’। আগামী ১৮ই ফেব্রুয়ারী জলপানের আগে ভোটাররা যাতে তাদের ভোট দান সম্পন্ন করে ত্রিপুরা থেকে দীর্ঘ বাম শাসনের উৎখাত করেন। রাজ্যে ক্ষমতায় এলে প্রতি ঘরে রোজগার, পাকা বাড়ি, যুবক যুবতিদের বিনামূল্যে স্মার্ট ফোন, কর্মচারীদের সপ্তম বেতন কমিশন সহ একাধিক প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।
আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে যখন তিনি ভাষন দিতে উঠেন কানায় কানায় পূর্ণ রাস্তা থেকে শুরু করে জনসভাস্থলে উপস্থিত সকলেই মোদি মোদি শব্দ উচ্চারণ আর মহিলাদের উলুর ধ্বনিতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে থাকেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আগরতলায় এসে এতো ভালোবাসা পেয়ে আমি খুব আনন্দিত। তিনি বলেন, আজ ত্রিপুরাবাসী আমাকে যে সন্মান ও ভালোবাসা দিয়েছে, ত্রিপুরার মানুষকে তার দ্বিগুন ফিরিয়ে দেব ত্রিপুরার বিকাশের মাধ্যমে।
