আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মে ৷৷ আগরতলার পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন রাজনৈতিক দলের ভেঙে ফেলা অফিস পরিদর্শন করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার। মঙ্গলবার পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় পৌঁছে প্রশাসনের ভেঙে ফেলা সি পি আই (এম) সমর্থিত শ্রমিক সংগঠন সি আই টি ইউ’র অফিস চত্বরের পুরোটা ঘুরে দেখেন তিনি। পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক ততপন চক্রবর্তী এবং রতন ভৌমিক, সাংসদ শঙ্কর প্রাসাদ দত্ত সহ দলের নেতৃবৃন্দ। বিরোধী দলনেতা মানিক সরকার আশেপাশের ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গে কথা বলে জানান, রাজ্য সরকার সবার সঙ্গে কথা না বলে নির্বাচনে জয়ের পর থেকেই শক্তি প্রদর্শন করছে। তিনি বলেন, রাজ্য সরকার সবার সঙ্গে কথা বলে এই কাজ করতে পারতো।এদিকে মঙ্গলবারও রাজধানীর জি বি বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করে অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন রাজনৈতিক দলের অফিস ভেঙ্গে ফেলা হয়।
