আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জুন ৷৷ ১৯শ জুন থেকে শুরু হল দ্বাদশ ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন। সেই বাজেট অধিবেশনে মঙ্গলবার নতুন সরকারের প্রথম বাজেট পেশ হল। রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা ঘাটতিহীন ১৬৩৮৭ কোটি ২১ লক্ষ টাকার বাজেট প্রস্তাব পেশ করেন। জোট সরকারের প্রথম বাজেটের বিশেষত্ব হল এতে ঘাটতি নেই।এদিন বিধানসভায় বাজেট অধিবেশনে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, রাজ্যের সরকারী কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশনের সুপারিশ লাগু হতে চলেছে শীঘ্রই। ভার্মা কমিটির রিপোর্ট আসার পরই সরকার এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন বেতন বৃদ্ধির সঙ্গে মর্যাদা রেখে সরকারী কর্মচারীরা যেন আরও বেশি দায়বদ্ধ হয়ে কাজ করেন।
