আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ আগষ্ট ৷৷ গোটা দেশের সাথে রাজ্যেও জেল ভরো আন্দোলন কর্মসূচি পালন করলো বামফ্রন্ট সমর্থিত একাধিক শ্রমিক সংগঠন। বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালন পালন করা হয়। রাজ্যের মূল কর্মসূচিটি হয় রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে। জেল ভরো আন্দোলন কর্মসূচি অঙ্গ হিসাবে এদিন প্যারাডাইস চৌমুহনীতে শ্রমিক সংগঠনের নেতা নেত্রী ও কর্মীরা মিছিল সংগঠিত করে পুলিশ ব্যারিকেড অতিক্রম করতে চায়। আন্দোলনকারীরা মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ জল কামান ও কাঁদানো গ্যাস ব্যবহার করে। পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলন ছত্রভঙ্গ করে দেয়। এই জেল ভরো আন্দোলন কর্মসূচিতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধীদলনেতা মানিক সরকার, প্রাক্তন পরিবহণ মন্ত্রী মানিক দে সহ দলীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন।পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার অজিত প্রতাপ সিং জানান, আগে থেকে অনুমতি না নেওয়ায় আন্দোলনকারীদের আটক করতে বাধ্য হয়েছে পুলিশ। তিনি বলেন, পুলিশকে সহযোগিতা না করায় বাধ্য হয়ে জল কামান, কাঁদানো গ্যাস ব্যবহার করতে হয় পুলিশের। আন্দোলনকারীদের আঘাতে পুলিশকর্মীও আহত হন বলে জানান তিনি।
এদিকে সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক পবিত্র কর অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণভাবে রাজপথে মিছিল করে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়ার পরিকল্পনা থাকলেও পুলিশ তাদের বাধা দেয়। তিনি বলেন, পুলিশের লাঠির আঘাতে আন্দোলনকারীরা আহত হয়েছেন।
