আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মার্চ ৷৷ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। রাজ্যে আন্তর্জাতিক নারী দিবসের মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা প্রমুখ।এদিন মূখ্যমন্ত্রী তার বক্তব্যে নারী কল্যাণে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি বলেন, একজন সাংসদ, বিদেশমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী যদি মহিলা হতে পারেন তবে মহিলারা কেন টি এস আর পুলিশে যোগদান করতে পারবেন না। সেই কারনেই টি এস আর এবং রাজ্য পুলিশে মহিলাদের জন্য ১০ শতাংশ পদ সংরক্ষণ করা হয়েছে।
