আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ এপ্রিল ৷৷ চৈত্র মাসেই কালবৈশাখী ঝড়ের তণ্ডবে ক্ষতিগ্রস্ত রাজ্যের বিভিন্ন এলাকা। মঙ্গলবার বিকেলে রাজ্যের বিভিন্ন জায়গায় অঝোরধারায় বৃষ্টি নামে। এদিন দিনের শেষে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির সাথে সাথে ব্যপক শিলা বৃষ্টি হয়। জানা যায়, বিভিন্ন জায়গায় খুব বড় বড় আকারের শিলা বৃষ্টি হওয়ায় ক্ষতি হয়েছে অনেক বসত ঘরের। সাথে ছিল ঝড়ো বাতাস।এদিকে রবিবার (৩১শে মার্চ) সন্ধ্যার পর থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিসহ তীব্র বেগে ঝড়ের কারনে অনেকের ঘরের চাল উড়িয়ে নেয়, পাশাপাশি গাছ পালা ভেঙে পরে। উপড়ে গেছে বিদ্যুতের বহু খুঁটি। এর জেরে রাজ্যের বিস্তৃর্ণ এলাকায় বিপর্যস্ত হয়ে পড়ে বিদ্যুৎ ও টেলি যোগাযোগ। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যের পশ্চিম জেলার অন্তর্গত মোহনপুর, বড়কাঁঠাল, আগরতলা বিমানবন্দর সংলগ্ন লঙ্কামুড়া, নারায়ণপুর এলাকায়। এখনও রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা সারাই হয় নি।
