রানা বাহাদুর দেববর্মাকে খুন করা হয়েছে, অভিযোগ সি পি আই (এম)-র

cpmআপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ এপ্রিল ৷৷ সি পি আই (এম)-র রাজ্য কমিটির প্রাক্তন সদস্য রানা বাহাদুর দেববর্মাকে শেষ শ্রদ্ধা জানালেন রাজ্যের প্রাক্তন মূখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধীদল নেতা মানিক সরকার। মঙ্গলবার মেলারমাঠস্থিত সি পি আই (এম) সদর দপ্তরে সি পি আই (এম)-র রাজ্য কমিটির প্রাক্তন সদস্য তথা বর্তমান খোয়াই জেলা সম্পাদকমন্ডলীর সদস্য রানা বাহাদুর দেববর্মাকে দলীয় পতাকা ও পুস্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান তিনি। সোমবার আগরতলার জি বি হাসপাতালে মারা যান রানা বাহাদুর দেববর্মা। জানা যায়, গত ১৬ই মার্চ সকালে খোয়াইয়ের তুলাশিখর বাজার থেকে ওই গ্রামের নিজ বাড়িতে ফেরার সময় দুষ্কৃতকারীদের হাতে আক্রান্ত হয় রানা বাহাদুর দেববর্মা। গুরুতর আহত অবস্থায় তাকে খোয়াই হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে আগরতলায় একটি বেসরকারি হাসপাতাল এবং পরে হাপানিয়াস্থিত ডঃ বি আর আম্বেদকর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। জানা যায়, দীর্ঘ পনেরদিন ধরে তিনি সংজ্ঞাহীন অবস্থায় আইসিইউ’তে ভর্তি ছিলেন। রাস্তার পাশে তাঁকে যে অর্ধমৃত সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া গিয়েছিল তারপর তার আর জ্ঞান ফেরে নি। অবশেষে সোমবার বিকেল ৪টা নাগাদ মৃত্যুবরণ করেন রানা বাহাদুর দেববর্মা (৭৬)।
মঙ্গলবার দুপুরে তার মরদেহ পার্টির রাজ্য দপ্তরে আনা হলে সি পি আই (এম) রাজ্য সম্পাদক গৌতম দাশ, বামফ্রন্টের চেয়ারম্যান বিজন ধর সহ দলীয় কর্মী সমর্থকরা তাকে শেষ শ্রদ্ধা জানান। সেখানে রানা বাহাদুর দেববর্মাকে খুন করা হয়েছে বলে বলে অভিযোগ করেন সি পি আই (এম) রাজ্য সম্পাদক গৌতম দাশ এবং লোকসভা পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ জিতেন্দ্র চৌধুরী।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*