গোপাল সিং, খোয়াই, ১৪ এপ্রিল ৷৷ লোকসভার পূর্ব ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মণের সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকেল ৩টায় খোয়াই কংগ্রেস ভবনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন লোকসভার পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য অজয় দাস, যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি সুশান্ত সাহা, খোয়াই ব্লক কংগ্রেস কমিটির সভাপতি নিখিল চক্রবর্তী প্রমুখ। সভা শেষে আয়োজিত সাংবাদিক সন্মেলনে সুবল ভৌমিক জানান, গত ১১ই এপ্রিল রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনে যে নির্বাচন হয়েছিল, সেদিন মানুষ ভোট দিতে পারেনি। তিনি বলেন, শাসকদল সাধারণ মানুষের উপর মাফিয়া রাজ করেছে। সুবল ভৌমিক বলেন, আগামী ১৮ই এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনের মতো যদি পূর্ব ত্রিপুরা আসনে ভোট হয়, তবে দায়ী থাকবে নির্বাচন কমিশিন এবং রাজ্য পুলিশ।এদিন সাংবাদিক সন্মেলনে ২০১৬ সালের খোয়াই উপনির্বাচনের বিজেপি প্রার্থী তপন পাল কংগ্রেস দলে যোগদান করেন। সুবল ভৌমিক তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন।
