ইতালি, ২১ ডিসেম্বর ।। মা’র মৃত্যুর ৩ মাস পর সন্তান জন্মের কথা অবিশ্বাস্য মনে হলেও ঘটেছে কিন্তু তাই! সেই শিশুর মা তিন মাস আগেই মারা যান। এমনই এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে ইতালির মিলানে।
ব্রেন হেমারেজ নিয়ে মিলানের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বছর ছত্রিশের এক নারী। তবে দিন কয়েকের মধ্যে তিনি মারা যান। ওই নারী ততদিনে ছয় মাসের গর্ভবতী ছিলেন।
ব্রেন ক্ষতিগ্রস্ত হলেও তার বাকি অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক ছিল। ফলে ডাক্তাররা তাকে লাইফ সাপোর্টে প্রায় তিন মাস বাঁচিয়ে রেখেছিলেন। গত ১৯ ডিসেম্বর সফল অস্ত্রোপচারের পর প্রায় দুই কিলো ওজনের বাচ্চাটি জন্ম নেয়।
হাসপাতালের এক চিকিৎসক জানান, এটা আমাদের জন্য সত্যিই আনন্দের দিন। কিন্তু ওই নারীর জন্য আমরা খুবই দুঃখিত। বেঁচে থেকেও বাচ্চাটি তার মা’র আদর থেকে বঞ্চিত হলো।
এর আগে ১৯৯৩ সালে এমন একটি ঘটনা ঘটেছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। ডাকাতদের গুলিতে মারা যান ট্রিশা মার্শাল নামের এক গর্ভবতী মা। সে সময়ও লাইফ সাপোর্টের সাহায্যে সন্তানটিকে বাঁচিয়ে রাখেন চিকিৎসকরা।
