অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায়, শীর্ষ আদালতের রায়কে স্বাগত প্রধানমন্ত্রীর

sc-ayodhya-759জাতীয় ডেস্ক, নয়া দিল্লী, ০৯ নভেম্বর ৷। বিতর্কিত অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির হবে। বিকল্প পাঁচ একর জমি পাবে মুসলিমদের পক্ষের ‘সুন্নি ওয়াকফ বোর্ড’। ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ শনিবার এই রায় দিয়েছে।
এদিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ছাড়াও বেঞ্চে ছিলেন বিচারপতি এস এ বোবদে, ডি ওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং এস আব্দুল নাজির। এদিন রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, মূল বিতর্কিত জমি পাবে ‘রাম জন্মভূমি ন্যাস’। এই জমিতে মন্দির তৈরিতে কোনও বাধা নেই। তবে কেন্দ্রকে সুপ্রিম কোর্টের নির্দেশ তিন মাসের মধ্যে একটি ট্রাস্ট গঠন করতে হবে। ওই ট্রাস্টের তত্ত্বাবধানেই থাকবে বিতর্কিত মূল জমি। কী ভাবে, কোন পদ্ধতিতে মন্দির তৈরি হবে, তারও পরিকল্পনা করবে ট্রাস্ট। অন্য দিকে সুন্নি ওয়াকফ বোর্ডকে বিকল্প ৫ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। নির্দেশে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ কোনও জায়গায় ওই জমির বন্দোবস্ত করতে হবে সরকারকে।
অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ধ্যায় জাতীর উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে বলেন, ভারতের বিচারব্যবস্থার ইতিহাসে আজকের দিনটা সোনালি অধ্যায়। সুপ্রিম কোর্টের ফয়সলাকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রতিটি শ্রেণি ও ধর্মের মানুষ। এটাই ভারতের প্রাচীন সংস্কৃতি, ঐতিহ্য ও সদ্ভাবের প্রতিবিম্ব। প্রধানমন্ত্রীর বলেন, বার্লিনের প্রাচীর আজ ভেঙেছিল। ভারত-পাকিস্তানের উদ্যোগে খুলে গেল করতারপুর করিডর। একইসঙ্গে এল অযোধ্যা রায়। এবার একজোট হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*