আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ আগষ্ট ৷। করোনা মহামারী পরিস্থিতিতে প্রায় অর্ধসমাপ্ত পরীক্ষা রেখেই সম্প্রতি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২০ সালের উচ্চমধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। নিয়ম অনুসারে এখন উচ্চমধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কলেজে ভর্তির সময়। এই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজে ভর্তির জন্য অনলাইন পোর্টালের উদ্বোধন করে উচ্চ শিক্ষা দপ্তর। মঙ্গলবার শিক্ষা ভবনে এই পোর্টালের উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। পাশাপাশি মানসিক অবসাদগ্রস্ত ছাত্র-ছাত্রীদের জন্য একটি কল সেন্টারেরও আনুষ্ঠানিক অদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।শিক্ষামন্ত্রী জানান, এখন আর ছাত্র-ছাত্রীদের কলেজে ভর্তির জন্য বা ফর্ম ফিলাপের জন্য কলেজগুলোতে ছুটাছুটি করতে হবে না। পড়ুয়ারা ঘরে বসেই ফর্ম ফিলাপ করে নিতে পারবে। এতে পড়ুয়াদের ২৬ টাকা খরচ পড়বে। তিনি বলেন, ছাত্র-ছাত্রীরা কলেজে ভর্তি হবার জন্য রাজ্যের যেকোন ৬টি কলেজ কলেজ পছন্দ করতে পারবে। তিনি বলেন, এবছর কলেজে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের থেকে ফি নেওয়া হবে না। তিনি বলেন, মানসিক অবসাদগ্রস্ত ছাত্র-ছাত্রীদের জন্য তৈরী করা কল সেন্টারে ২৪ জন শিক্ষক-শিক্ষিকা ও ৪ জন চিকিৎসক রাখা হয়েছে। ছাত্র-ছাত্রীরা ফোন করেই তারা কল সেন্টারের সুবিধা নিতে পারবে।
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা ইউ কে চাকমা, সচিব সাজু ওয়াদি প্রমুখ।
