গোপাল সিং, খোয়াই, ১৬ আগষ্ট ৷। নিজ গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলো এক যুবক। ঘটনা শনিবার খোয়াই থানাধীন লালছড়া ঘোষপাড়া এলাকায়। মৃত যুবকের নাম টোটন দাস। জানা যায়, শনিবার ভোর পাঁচটা নাগাদ নিজ ঘরে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় সে। বাড়ির অন্যান্য সদস্যরা টের পাওয়ার আগেই ঘটনাস্থলে মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় খোয়াই থানার পুলিশ। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে খোয়াই জেলা হাসপাতালের মর্গে। দুপুরে ময়নাতদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে।উল্লেখ্য, ছয় বৎসর পূর্বে পেশায় রাজমিস্ত্রি টোটন দাস এর স্ত্রী একইভাবে আত্মঘাতী হয়। স্ত্রীর মৃত্যুর পর সে একা হয়ে পড়ে। তাদের কোনো সন্তান-সন্ততি ছিল না। সম্প্রতি লকডাউন এর কারণে সে কর্মহীন হয়ে পড়ে এবং বেশ কিছুদিন ধরেই সে মানসিক অবসাদে ভুগছিল। অবশেষে শনিবার গায়ে আগুন দিয়ে সে আত্মঘাতী হয়। খোয়াই থানার পুলিশ একটি ইউডি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।
