সাগর দেব, তেলিয়ামুড়া, ১৩ জানুয়ারী || ২৩তম পৌষ সংক্রান্তি মেলা শুরু হলো চাকমাঘাট খোয়াই নদী ব্যারেজ প্রাঙ্গণে। বুধবার বিকাল ৪টা নাগাদ এই মেলার শুভ উদ্বোধন ও প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডঃ অতুল দেববর্মা। এছাড়াও এই দুদিন ব্যাপী পৌষ মেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, মেলা কমিটির চেয়ারম্যান তথা তেলিয়ামুড়া মহকুমা শাসক ভাস্বর ভট্টাচার্য্য, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস, খোয়াই জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা, তেলিয়ামুড়া মহাকুমার সবকটি দপ্তরের আধিকারিকরা। এদিনে দুপুর থেকেই খোয়াই নদীর ব্যারেজ প্রাঙ্গণে দূরদূরান্ত থেকে আগত তীর্থযাত্রীরা তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান এবং পিন্ডদান করতে দেখা যায় মস্তক-মুণ্ডন করে।
