
দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৪ জানুয়ারী ।। যেখানেই বানীবন্দনার আয়োজন সেখানেই কায়মনোবাক্যে প্রার্থনার পুস্পাঞ্জলীতে পূজিতা বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। নির্ঘণ্ট অনুযায়ী এবার শনি, রবি দু’দিনেই পূজোর বিধানে যে যার সুবিধে অনুযায়ী পূজো করছেন। রবিবার পূজোর সময় সল্পতায় শনিবারই স্কুল, কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পূজোর আয়োজন করা হয়। দেবীর মূর্তি থেকে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির মধ্যেই বিদ্যাদেবীর আরাধনায় ব্যাঘাত ঘটেনি। অম্রপল্লব, অম্রমূকুল, খাগের দোয়াত থেকে নৈবদ্যের উপাচারে সর্বত্রই বাগদেবীর আরাধনায় দেখা গেছে উচ্ছাস, আনন্দ। বাগদেবীর বন্দনায় সকলেই বিদ্যাবুদ্ধির আশীর্বাদ প্রাপ্তির ঐকান্তিক নিবেদন জানিয়েছেন দেবীর শীচরনকমলে।
বলাই বাহুল্য বাগদেবীর বন্দনার সুর ধ্বনিত হচ্ছে প্রকৃতিতে বিশুদ্ধ পঞ্জিকা মতে এবার বাগদেবীর পূজোর নির্ঘণ্ট শনিবার, পঞ্জিকা মতে রবিবারেও পূজোর বিধান রয়েছে। বিশুদ্ধ পঞ্জিকা মতে শনিবার শ্রী পঞ্চমীর সূচনা হয় সকাল ১০টা ৩৯মিঃ, চলবে রবিবার সকাল ৮টা ২২মিঃ পর্যন্ত। শোনা যাবে পুরোহিতের মন্ত্রোচারনে “নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে। বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোহস্তুতে” ।।
