সাগর দেব, তেলিয়ামুড়া, ০২ নভেম্বর || ইতিমধ্যেই পৌর ভোটের দামামা বেজে উঠেছে। আগামী ২৫শে নভেম্বর পৌর পরিষদের নির্বাচন। পৌর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সবকটি রাজনৈতিক দল ইতিমধ্যেই নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করে মনোনয়নপত্র দাখিলের কাজ শুরু করে দিয়েছে। মঙ্গলবার তেলিয়ামুড়া পৌর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শাসক দল বিজেপি তেলিয়ামুড়া পৌর পরিষদের ১৫টি আসনের মধ্যে ১৫টি আসনের প্রার্থীদের নিয়ে তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রের সামনে থেকে এক সুবিশাল র্যালীর মাধ্যমে তেলিয়ামুড়ার বিভিন্ন পথ-ঘাট পরিক্রমা করে চাকমাঘাটস্থিত মহকুমা শাসক কার্যালয়ে গিয়ে তেলিয়ামুড়া মহকুমা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি-এর নিকট মনোনয়নপত্র দাখিল করেন। তেলিয়ামুড়া পৌর পরিষদের মোট ১৫টি আসনে নবীন এবং প্রবীণ উভয় অংশের প্রার্থীদের প্রাধান্য দিয়েছে শাসক দল বিজেপি।
তেলিয়ামুড়া পৌর পরিষদ নির্বাচনে মোট ১৫টি আসনে বিজেপি দলের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছে তারা হলো, ১নং ওয়ার্ড আসনের মনোনিত প্রার্থী অপর্ণা শীল, ২নং আসনের হয়ে মধুসূদন রায়, ৩নং আসনের বরুনা ঋষি দাস, ৪নং আসনের হয়ে মালাশ্রী সাহা পাল, ৫নং আসনের হয়ে বিমল রক্ষিত, ৬নং আসনের হয়ে বাবলি মজুমদার, ৭নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী রূপক সরকার, ৮নং আসনের হয়ে রিঙ্কু ভৌমিক দেব, ৯নং আসনের হয়ে শঙ্কর ঘোষ, ১০নং আসনের হয়ে নিশা রানী সূত্রধর, ১১নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী অচিন্ত্য ভট্টাচার্য, ১২নং আসনের হয়ে স্বপ্না দাস, ১৩নং আসনের ইন্দ্রজিৎ দাস, ১৪নং আসনের হয়ে রঞ্জন মালাকার এবং ১৫ নম্বর আসনের বিজেপি দলের মনোনীত প্রার্থী নীতিন কুমার সাহা।
এই মনোনয়নপত্র দাখিলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা প্রভারী অমিত রক্ষিত, বিজেপি খোয়াই জেলা সভাপতি তথা কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী এবং তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায় সহ দলের অন্যান্য নেতৃত্বরা।
এ প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপি খোয়াই জেলা প্রভারি অমিত রক্ষিত বলেছেন, পৌর পরিষদ নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন এবং বিধানসভা নির্বাচন আগামী ৩০ বছর এগুলো ক্যালেন্ডার প্রোগ্রাম। বিজেপি এখানে দীর্ঘ সময় থাকার জন্য এসেছে। উন্নয়ন কি তা রাজ্যের মানুষ ধীরে ধীরে জানতে পারবে। তেলিয়ামুড়া পৌর পরিষদের ১৫টি আসনের মধ্যে যারা বিজেপি দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা শুধু রাজনৈতিক কর্মী বলেই নির্বাচনের টিকিট পায়নি, তাদের প্রত্যেকের নিজ নিজ এলাকায় যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে, সামাজিক যোগাযোগ রয়েছে এমন ব্যাক্তিদের পৌর পরিষদ নির্বাচনের টিকিট দেওয়া হয়েছে বিজেপি দলের পক্ষ থেকে।
এ প্রসঙ্গে বলতে গিয়ে তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী রায় বলেন, মোদিজীর আহবানে যারা ভারত তীর্থ দর্শনে বেরিয়েছেন গোয়া, ত্রিপুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একবার যাচাই করে নিক মাটিটা কোথায় আছে। যারা বিরোধী দল হিসেবে তেলিয়ামুড়া পৌর পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য মাঠে নেমেছে তারা জন বর্জিত। নিশ্চিত তেলিয়ামুড়া পৌর পরিষদ নির্বাচনে তাদের কোনো অস্তিত্ব থাকবে না।
