আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জানুয়ারি || আমরা সবাই জানি যে অনেক অনেক বছর আগে আদি মানবরা জঙ্গলে বসবাস করতো। তাদের ছিল না নির্দিষ্ট কোন বাসস্থান। যুগের পরিবর্তনের ফলে বর্তমানে জঙ্গলে আর কোন মানুষ এই দেশে বসবাস করে না। বর্তমানে এই সভ্য সমাজে এমনই এক বিরল চিত্র উঠে আসলো গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের কাঞ্চনমালা এলাকার পাল কলোনি সংলগ্ন একটি জঙ্গল থেকে। এই জঙ্গলে ঠিক আদি মানবের মতোই জীবন যাপন করছে এক বিবাহিত যুবক। তার নাম ঝন্টু পাল। তার মা ভাই বোন স্ত্রী-পুত্র সবই রয়েছে। পারিবারিক কলহের জেরে বেশ কয়েক বছর আগে তার স্ত্রী এবং সন্তান তাকে ছেড়ে চলে গেছে বলে জানা যায়। এই ঘন জঙ্গলে থাকার কারণ জিজ্ঞাসা করলে সে জানায়, তার মা ভাই বোন সবই রয়েছে তার বাড়িতে। পরিবারের লোকজনদের সাথে ঝগড়া করার অপরাধে তাকে তার বাড়িতে ঢুকতে দেওয়া হয় না। তারপর থেকে অর্থাৎ দুই মাস ধরে সে মানুষের সমাজ থেকে আলাদা হয়ে ঘন জঙ্গলে খোলা আকাশের নিচে বসবাস করছে। এখন প্রশ্ন হলো সে তো ইচ্ছা করলে তার বাড়িতে আশ্রয় নিয়ে মানুষের সমাজে বসবাস করতে পারতো। কিন্তু সে তা না করে লোকালয় থেকে আলাদা হয়ে বন্য প্রাণীদের মতো জঙ্গলে বসবাস করা শুরু করেছে। তবে হ্যাঁ সে কোন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নয়, জ্ঞান-বুদ্ধি সবই রয়েছে তার মধ্যে। কিন্তু তারপরেও সে জঙ্গলে কেন বসবাস করছে? মানব সমাজের প্রতি তার কি এমন ঘৃণা, এমনকি রহস্য লুকিয়ে আছে তার মধ্যে? এই সব কিছুর উত্তর এখনও পর্যন্ত কেউ তার কাছ থেকে বের করতে পারিনি। শেষে সে শুধু সরকারের কাছে সামান্য সাহায্যের দাবি জানিয়েছে। কিন্তু এভাবে একজন মানুষ হয়ে জঙ্গলে জঙ্গলে কতদিন জীবন যাপন করবে? সেটা প্রশ্নই থেকে গেল।
