আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ মে || “আমার ত্রিপুরা” – রাজ্যে ব্যাতিক্রমধর্মী নানা অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজনে বরাবরই প্রশংসিত সোশ্যাল মিডিয়া পেইজ। প্রতিবছরই “আমার ত্রিপুরা” সোশ্যাল মিডিয়া পেইজ রাজ্যের প্রতিভাবান শিল্পীদের নিয়ে ‘চিত্রকলা, ভাস্কর্য ও আলোকচিত্র প্রদর্শনী’ এর আয়োজন করে থাকে। এবারও তার অন্যথা হয়নি। গত ১৩ই মে থেকে ১৫ই মে, ২০২২ তিন’দিন ব্যাপী এই আয়োজনে অংশ নেয় রাজ্যের বেশকিছু নবীন ও প্রবীণ প্রজন্মের শিল্পীরা। পাশাপাশি নেটিজেনদের জন্য রাজ্য ভিত্তিক ‘অনলাইন অঙ্কন এবং আলোকচিত্র প্রতিযোগিতা ২০২২’ এর আয়োজন করা হয়েছিল “রুপকথা” নামক এই অনুষ্ঠানে।
রাজধানীর সিটি সেন্টারস্থিত আর্ট গ্যালারীতে আয়োজিত “আমার ত্রিপুরা” এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য, ত্রিপুরা পর্যটন দপ্তরের যুগ্ম অধিকর্তা অর্ঘ সাহা, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভিজুয়াল আর্ট বিভাগের অধ্যাপক সুব্রত দে, সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকা সঙ্ঘমিত্রা নন্দী, সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের অধ্যাপক জয়দ্বীপ ভট্টাচার্য, রাজ্যের অন্যতম চলচ্চিত্র পরিচালক ডঃ সৌমনাথ ভৌমিক সহ রাজ্যের অন্যন্য বিশিষ্ট ব্যাক্তিত্বরা।
“আমার ত্রিপুরা” পেইজের প্রাণপুরুষ শ্যাম ভট্টাচার্য জানান, তিন’দিন ব্যাপী এই প্রদর্শনীর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। তিনি জানান, প্রতিযোগিতা ও প্রদর্শনীতে অংশ নেওয়া সকল শিল্পীকেই “আমার ত্রিপুরা” এর পক্ষ্য থেকে শংসাপত্র প্রদান করা হয়।
