বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৮ সেপ্টেম্বর || শনিবার বিকেল ৩টা থেকে তিন জন অপরিচিত ব্যাক্তিকে রেল স্টেশনে ঘোরাফেরা করতে দেখে এলাকার লোকজনের মনে সন্দেহ জাগে। পরবর্তী সময় রাতে এলাকাবাসী একত্রিত হয়ে তিনজনকে আটক করে খবর দেয় শান্তিরবাজার থানায়। ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার থানার ওসি বিশ্বজিৎ দেবর্বমা ও এ এস আই বানিজয় রিয়াং ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনজনকে জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদের পর জানা যায় তিনজনের মধ্যে এক জন ধর্মনগরের বাসিন্দা ও বাকি দুইজন আসামের বাসিন্দা। ধর্মনগরের বাসিন্দা বিগত দিনে বাইখোড়া এলাকায় রাজমিস্ত্রির কাজ করেছিলো। বিশ্বকর্মা পূজায় দুই বন্ধুকে সঙ্গে নিয়ে বাইখোড়া এলাকায় ঠিকেদারের নিকট পূর্বের কাজের টাকা চাইতে আসে। ফেরার পথে দীর্ঘ অনেকসময় রেল স্টেশনে ঘোরাফেরা করতে থাকায় লোকজন চোর ও ছেলেধরা বলে আক্রমন করে। পরবর্তী সময় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। পুলিশ ঘটনার তদন্ত করে তিনজনকে রাত্রি ৮টা ৩০ মিনিটে আগরতলাগামী ট্রেনে করে আগরতলার উদ্দ্যোশ্যে পাঠিয়ে দেয়।
