আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ মে || রাজধানী আগরতলাকে যানজট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ। সম্প্রতি আগরতলা পুর নিগমের এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানিয়েছিলেন মেয়র দীপক মজুমদার। সেই সিদ্ধান্ত মত শুক্রবার সাত সকালে ইন্দ্রনগর থেকে আই টি আই রোড পর্যন্ত চলল বুলডোজার। বেআইনিভাবে রাস্তায় গড়ে তোলা দোকান এবং বাড়িঘর ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে আগরতলা পুর নিগম। বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলা হলো সরকারি সম্পত্তির উপর নির্মিত সমস্ত দোকানপাট। নিগমের এই কাজকর্ম নিয়ে সংশ্লিষ্ট এলাকার জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও আধা সামরিক বাহিনী। সংশ্লিষ্ট এলাকার ক্ষুব্ধ জনগণের অভিযোগ, নোটিশ দেওয়া হলেও সরকারি জমির উপর নির্মিত দোকানগুলিকে সরিয়ে নিয়ে যাওয়ার সময় দেওয়া হয়নি। অন্যদিকে এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে মেয়র দীপক মজুমদার বলেন, বেআইনি দখলদাররা নিগমের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন। তিনি বলেন, ৭ দিন আগেও প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছে।পাশাপাশি সরকারি জমি বেআইনি দখল মুক্ত করার জন্য পুর নিগমের পক্ষ থেকে দখলদারদের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছিল। কিন্তু তাঁরা কিছুতেই জায়গা খালি করতে চাইছেন না। তাই, অবশেষে শুক্রবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল। এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় জনমনে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।
