আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ মে || গোটা দেশের সঙ্গে ত্রিপুরায়ও প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু দিবস পালন করা হয়। রবিবার থেকে ৩২ বছর আগে এক সভায় শহিদ হয়েছিলেন তিনি। এবছর উনার ৩৩’তম প্রয়াণ দিবস। প্রতিবছরের মতো এবারও নানা কর্মসূচি নেওয়া হয়েছে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে। রবিবার সকালে রাজ্যের বিভিন্ন জায়গায় হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। এদিন সকালে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে নেওয়া হয় রাজীব স্মরণ। প্রথমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক গোপাল চন্দ্র রায় ও প্রাক্তন বিধায়ক আশিষ কুমার সাহা। গণসংগঠনের পতাকা উত্তোলন করেন নিজ নিজ সংগঠনের নেতৃত্বরা। পতাকা উত্তোলনের পর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। সেখান থেকে দলীয় নেতা কর্মীরা যান গান্ধীঘাটে শ্রদ্ধা জানাতে।
এরপর এদিনই কংগ্রেসের সদর জেলা কমিটির উদ্যোগে রক্তদান শিবির করা হয় কংগ্রেস ভবনে। সেখানে দলীয় নেতা কর্মীরা বেশ উৎসাহ নিয়ে রক্তদান করেন। আলোচনা করেন বিধায়ক গোপাল চন্দ্র রায়, প্রাক্তন বিধায়ক আশিষ কুমার সাহা, ছাত্রনেতা সম্রাট রায় সহ অন্যান্য নেতৃত্বরা।
